হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “
- আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 21
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় এবার সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার(২৭ জুন) সকালে প্রায় ত্রিশ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হলেও দীর্ঘদিন ধরে এটি চালু না হওয়ায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। শুধু আশ্বাসই পেয়েছি, কিন্তু কোনো বাস্তব সমাধান হয়নি। হাসপাতাল চালুর ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এর আগে গত ২১ জুন হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কলেজের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তাঁরা জানান, গত বছরের ১৫ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে এলেও হাসপাতাল চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পাশাপাশি শিক্ষক সংকট ও একাডেমিক কার্যক্রমেও অনিশ্চয়তা বিরাজ করছে।
পরবর্তীতে আন্দোলনের অংশ হিসেবে টানা কয়েক দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ফোনে দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলন প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ৫০০ শয্যার হাসপাতালের ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকলেও জনবল নিয়োগ ও প্রশাসনিক জটিলতার কারণে হাসপাতাল চালু হচ্ছে না। ফলে একদিকে মেডিকেল শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সুনামগঞ্জের মানুষ উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন না।















