তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক
- আপডেট সময় : ০৫:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 15
তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি পশ্চিমপাড়া এলাকায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ থাকা শাহ আলম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জঙ্গলবাড়ি পশ্চিমপাড়ার চাঁন মিয়ার দোকানের পাশের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা লেনদেনের সময় লোকমান মিয়া (২০) নামে এক যুবককে ৩৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা শাহ আলম মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক লোকমান মিয়াকে ইয়াবাসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, শাহ আলম মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তারা জানান, এর আগেও তিনি মাদক সংক্রান্ত মামলায় কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হওয়ার পর পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু করেছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক শাহ আলম মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।












